জেন–জির বিক্ষোভ

নেপালে ফের জেন-জি আন্দোলনের ঝড়, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

নেপালে আবারও উত্তাল রাজপথ। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবিতে রোববার রাতে রাজধানী কাঠমান্ডুর বালুওয়াটারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেছে জেন-জি প্রজন্মের তরুণ আন্দোলনকারীরা।

তরুণদের জনপ্রিয় মুখ সুদান গুরুংয়ের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচি শুরু হয় মন্ত্রিসভার সদস্য নিয়োগ নিয়ে ক্ষোভ থেকে। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের আন্দোলনের জোরেই কার্কি প্রধানমন্ত্রীর পদে এলেও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বণ্টনে তাদের মতামত উপেক্ষা করা হয়েছে।

বিক্ষোভে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে উত্তেজনা আরও তীব্র হয়। নিহতদের পরিবারের পক্ষ থেকে দ্রুত বিচারের দাবি জানানো হয়। গুরুং হুঁশিয়ারি দিয়ে বলেন, তরুণদের উদ্বেগ অবহেলা করা হলে তারা আবারও রাস্তায় নেমে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

কার্কি প্রধানমন্ত্রী হওয়ার পর ওম প্রকাশ আরিয়ালকে স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নিয়োগ দেন। কিন্তু আরিয়ালের নিয়োগকে ‘ভেতরের খেলা’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে জেন-জি আন্দোলনকারীরা। শান্তি-নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এ পদে বিতর্কিত নিয়োগ জনমতে ক্ষোভের আগুন ছড়িয়ে দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেন-জি আন্দোলন ও অন্তর্বর্তী সরকারের দ্বন্দ্ব মীমাংসা না হলে নেপালের রাজনীতি আরও অস্থিতিশীল হয়ে উঠবে। একদিকে তরুণদের বিক্ষোভ তীব্র হতে পারে, অন্যদিকে সরকারও কঠোর অবস্থান নিতে পারে—যা পরিস্থিতিকে নতুন জটিলতার দিকে ঠেলে দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, নেপালের স্থিতিশীলতা রক্ষার একমাত্র পথ হলো দ্রুত সংলাপ ও সমঝোতা; অন্যথায় রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন ঝড় বইবে।