ভারী বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি, নতুন বন্যার আশঙ্কা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন

বাংলার মুখ ডেস্ক

দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে উজান থেকে নেমে আসা ঢল ও টানা ভারী বৃষ্টির কারণে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ পরিস্থিতিতে অন্তত ৯টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে অতি ভারী বর্ষণ হয়েছে। রংপুর ও রাজশাহীর বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি এবং উজানে ভারতের মেঘালয়, আসাম, সিকিম ও পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

এতে সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের নিম্নাঞ্চলগুলোয় স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হতে পারে। একইভাবে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়ছে এবং আগামী দুই দিনে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নদী তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

চট্টগ্রাম বিভাগের গোমতী নদীর পানি বেড়েছে, অন্যদিকে মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এর ফলে ফেনী ও চট্টগ্রামের নিম্নাঞ্চল সাময়িকভাবে ডুবে যেতে পারে।

এ ছাড়া সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের যাদুকাটা, সারিপোইন, সোমেশ্বরী, ভুলাই ও কংস নদীর পানি বেড়ে সতর্কসীমার কাছাকাছি পৌঁছাচ্ছে। এতে সিলেট, নেত্রকোনা ও শেরপুরের নিম্নাঞ্চল বন্যার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে পূর্বাভাস কেন্দ্র।