ভারত-পাকিস্তানসহ ২৩ দেশকে মাদক পাচারকারী হিসেবে চিহ্নিত করলেন ট্রাম্প


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানসহ বিশ্বের ২৩টি দেশকে ‘প্রধান মাদক পাচারকারী রাষ্ট্র’ হিসেবে তালিকাভুক্ত করেছেন। ১৫ সেপ্টেম্বর কংগ্রেসে জমা দেওয়া এক প্রেসিডেন্সিয়াল ডিটারমিনেশনে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় থাকা দেশগুলো হলো—আফগানিস্তান, বাহামা, বেলিজ, বলিভিয়া, মিয়ানমার, চীন, কলোম্বিয়া, কোস্টা রিকা, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, ভারত, জ্যামাইকা, লাওস, মেক্সিকো, নিকারাগুয়া, পাকিস্তান, পানামা, পেরু ও ভেনেজুয়েলা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যাখ্যা অনুযায়ী, ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক বাস্তবতায় এসব দেশ মাদক উৎপাদন ও পাচারের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। তবে তালিকায় থাকা মানেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা না করার ইঙ্গিত নয়।

এ তালিকার মধ্যে আফগানিস্তান, বলিভিয়া, মিয়ানমার, কলোম্বিয়া ও ভেনেজুয়েলাকে মাদক নিয়ন্ত্রণে ‘অসফল’ দেশ হিসেবে আখ্যায়িত করেছে ট্রাম্প প্রশাসন। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মাদকবিরোধী চুক্তি মানতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছে।

চীনকে বিশ্বের সবচেয়ে বড় প্রিকার্সার কেমিক্যাল সরবরাহকারী বলে উল্লেখ করেন ট্রাম্প। তার মতে, এসব রাসায়নিক অবৈধ ফেন্টানাইল ও অন্যান্য সিনথেটিক মাদক উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। একইভাবে আফগানিস্তানে তালেবান নিষেধাজ্ঞা জারি করলেও মাদক মজুত ও উৎপাদন চলছেই, বিশেষত মেথঅ্যামফেটামিনের উৎপাদন বেড়েছে।

ট্রাম্প জানান, অবৈধ ফেন্টানাইলসহ মারণ মাদক পাচারের কারণে যুক্তরাষ্ট্রে একটি জাতীয় জরুরি অবস্থা তৈরি হয়েছে। বর্তমানে ১৮ থেকে ৪৪ বছর বয়সী আমেরিকানদের মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে এসব মাদক।

সূত্র: দ্য হিন্দু