বাংলার মুখ ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
রাজধানীর জনপ্রিয় যাত্রীসেবা মেট্রোরেল শিগগিরই আরও ১০টি অতিরিক্ত ট্রেন চালু করতে যাচ্ছে। ফলে সকাল আরও আগে এবং রাত ১০টার পরও ট্রেন চলাচল করবে। যাত্রী চাহিদা ক্রমশ বাড়তে থাকায় এ উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বর্তমানে মেট্রোরেল প্রতিদিন প্রায় ২০০ ট্রিপে সাড়ে তিন থেকে চার লাখ যাত্রী পরিবহন করছে। বিশেষ দিনগুলোতে এ সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়ে যায়। তবে নির্দিষ্ট আসন ও কোচসংখ্যার সীমাবদ্ধতায় একইসঙ্গে আরও বেশি যাত্রী পরিবহন সম্ভব হচ্ছে না।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, নতুন পরিকল্পনায় সকাল সাড়ে ৬টায় প্রথম ট্রিপ ছাড়বে এবং রাত ১০টার পরও সর্বশেষ ট্রেন চলবে। এতে প্রতিদিন আরও প্রায় ২৩ হাজার অতিরিক্ত যাত্রী পরিবহন করা সম্ভব হবে।
তবে যোগাযোগ বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু ট্রিপ বাড়ানোর বদলে ট্রেনের কোচ সংখ্যা বাড়ানোই বেশি জরুরি। তাদের মতে, প্ল্যাটফর্মগুলো আগেই ৮ কোচের জন্য নির্মিত হলেও নানা অজুহাতে এখনো কোচ বাড়ানো হয়নি। এতে ভবিষ্যতে এনার্জি ব্যয় ও পরিচালন খরচও বাড়বে।
ডিএমটিসিএল জানিয়েছে, ট্রিপ বাড়ানোর বিষয়ে এখনো সমীক্ষা চলছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই এমআরটি লাইন-৬ এ নতুন সূচি কার্যকর করা হবে।
আপনার মতামত লিখুন :