যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারীর হামলায় নিহত ৪, আহত ৮


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রার্থনাকালীন এক গির্জায় বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত ও আটজন আহত হয়েছেন। রবিবার গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে অবস্থিত চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টস–এ এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হামলাকারী থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০) একটি ভ্যান নিয়ে গির্জার ভেতরে ঢুকে নির্বিচারে গুলি চালান এবং পরবর্তীতে আগুন ধরিয়ে দেন। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় আট মিনিটের মধ্যে তাকে গুলি করে হত্যা করে।

ঘটনার পর ঘণ্টার পর ঘণ্টা গির্জা থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের কাজ চলছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পুলিশ প্রধান উইলিয়াম রেনি।

আহত আটজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, বাকিদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়, তদন্ত চলছে।