যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য ত্রাণবাহী জাহাজবহরকে আটকে দিতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের নৌবাহিনী। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৫৫টি জাহাজের এই বহর বর্তমানে গাজার কাছাকাছি অবস্থান করছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র ওয়ায়েল নাওয়ার ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, ইসরায়েলি নৌবাহিনী বহরের প্রধান জাহাজ অ্যালমা কে আটক করলেও বাকি জাহাজগুলো থেমে না থেকে এগিয়ে যায়। কয়েক ঘণ্টা পর অ্যালমা মুক্তি দেওয়া হয়। পরে আরেকটি জাহাজ সাইরিয়াস আটকানোর চেষ্টা হলেও সেটিও ব্যর্থ হয়।
ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা ও সুমুদ নুসানতারার যৌথ উদ্যোগে গঠিত এই বহরটি গত ৩১ আগস্ট স্পেন থেকে রওনা হয়। জাহাজগুলোতে খাদ্য ও ত্রাণসামগ্রী ছাড়াও ৪৪টি দেশের স্বেচ্ছাসেবীরা রয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি অভিযানের পর এটাই সবচেয়ে বড় ত্রাণবাহী বহর। কাতারভিত্তিক আলজাজিরার প্রতিনিধি জানিয়েছেন, ইসরায়েল প্রথমে জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা জ্যাম করেছিল। তবে কয়েক ঘণ্টা পর নৌবাহিনী সরে যায়।
এখন জাহাজবহরটি গাজার কাছাকাছি এবং আগামী এক-দুই দিনের মধ্যেই গাজার উপকূলে পৌঁছানোর আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :