যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোমাবর্ষণ থামানোর আহ্বান জানালেও থেমে নেই ইসরায়েলের হামলা। শনিবার সারাদিনের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে। এর মধ্যে অন্তত ৪৫ জন প্রাণ হারিয়েছেন দুর্ভিক্ষকবলিত গাজা সিটিতে বিমান হামলা ও গোলাবর্ষণে।
গাজা সিটির তুফাহ এলাকায় এক বেসামরিক বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ১৮ জন, আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে সাত শিশু রয়েছে—সবচেয়ে ছোটটির বয়স মাত্র দুই মাস। হামলায় আশপাশের বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া দক্ষিণাঞ্চলীয় আল-মাওয়াসি শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এখানে দুই শিশু নিহত ও আটজন আহত হয়েছেন। যদিও এ এলাকা ইসরায়েল ঘোষিত তথাকথিত ‘নিরাপদ মানবিক অঞ্চল’।
গাজার আল-নুসেইরাত শরণার্থী শিবিরসহ আরও কয়েকটি স্থানে বিমান হামলা চালানো হয়েছে। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন, হাসপাতালগুলো আহতদের সেবায় হিমশিম খাচ্ছে, যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই।
অব্যাহত হামলা ও জ্বালানি সংকটে গাজার কয়েকটি হাসপাতাল কোনোভাবে চালু থাকলেও সেবা দিতে পারছে না পর্যাপ্তভাবে। ইতিমধ্যে দুই বছরের লাগাতার হামলায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত, লাখো মানুষ বাস্তুচ্যুত এবং সমগ্র অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুর্ভিক্ষের করাল গ্রাসে মানবিক বিপর্যয় ভয়াবহ আকার নিচ্ছে।
আপনার মতামত লিখুন :