নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ৪৭, দার্জিলিংয়ে ৭


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৫, ৭:১৯ অপরাহ্ন

টানা ভারী বর্ষণে বিপর্যস্ত নেপাল। আকস্মিক বন্যা ও ভূমিধসে দেশটির বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও ১১ জন। প্রবল বৃষ্টিতে নেপালের আটটি প্রধান নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ভারতের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাতেও ভূমিধসে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও দু’জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নেপাল আর্মড পুলিশের মুখপাত্র কালিদাস ধাউবোজি জানান, পূর্বাঞ্চলীয় ইলাম জেলায় পৃথক ভূমিধসে ৩৫ জনের মৃত্যু, বজ্রপাতে ৩ জনের মৃত্যু এবং বন্যায় উদয়পুর জেলায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

রবিবার (৫ অক্টোবর) নেপালের হাইড্রোলজি অ্যান্ড মেটিওরোলজি বিভাগ জানায়, বাগমতী, সুন কোশি, অরুণ, তামোর, কোশি, বুড়িখোলা ও বিরিং খোলা নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোশি নদীর পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের সব ৫৬টি গেট খুলে দেওয়া হয়েছে।

প্রবল স্রোতে সড়ক ও সেতু ভেসে গেছে, শত শত যাত্রী আটকা পড়েছেন। কাঠমান্ডুর অভ্যন্তরীণ ফ্লাইটগুলো মারাত্মকভাবে ব্যাহত হলেও আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিক রয়েছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, টানা বৃষ্টিপাতের কারণে আরও ভূমিধস ও বন্যার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে বলেছে, সোমবার (৬ অক্টোবর) পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

সূত্র : রয়টার্স