ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে তীব্র যানজটে ঘণ্টাখানেক আটকে থেকে শেষ পর্যন্ত মোটরসাইকেলে গন্তব্যের পথে রওনা হন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার (৮ অক্টোবর) সকালে তিনি ট্রেনে করে ঢাকা থেকে ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন। সেখান থেকে গাড়িবহর নিয়ে সরাইল-বিশ্বরোডমুখী পরিদর্শনযাত্রায় রওনা হলে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় দীর্ঘ যানজটে আটকা পড়েন। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পরও যানবাহন এক ইঞ্চি না নড়ায় উপদেষ্টা শেষমেশ মোটরসাইকেলে চড়েই গন্তব্যে যাওয়ার সিদ্ধান্ত নেন।
চশমা চোখে, মাথায় হেলমেট পরে উপদেষ্টা মোটরসাইকেলে চড়ে বসতেই উপস্থিত পুলিশ সদস্য ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে। অনেকেই মোবাইলে সেই দৃশ্য ধারণ করেন। এ সময় পুলিশ দ্রুত পথ পরিষ্কার করে দেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, সকাল সোয়া ১০টার দিকে উপদেষ্টা আশুগঞ্জের হোটেল উজানভাটির সামনে থেকে সরাইলের উদ্দেশে রওনা হন। পথে সোহাগপুরে যানজটে আটকা পড়লেও তিনি মোটরসাইকেলে যাত্রা অব্যাহত রাখেন।
প্রশাসন তার সফর ঘিরে সকাল থেকেই তৎপর ছিল। সড়কের খানাখন্দে ইট-বালু বিছিয়ে সাময়িক সংস্কার কাজ চলছিল। কিন্তু ভারী বৃষ্টিপাত ও অতিরিক্ত যানবাহনের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত থেকেই আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা দেয়। সকালে তা রূপ নেয় ভয়াবহ যানজটে, ভোগান্তিতে পড়ে শত শত যাত্রী ও চালক।
আপনার মতামত লিখুন :