রাজনৈতিক অস্থিতিশীলতায় টালমাটাল ফ্রান্সে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার (৮ অক্টোবর) ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রেসিডেন্সিয়াল প্যালেসের এক শীর্ষ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স।
ওই কর্মকর্তা জানান, সংসদ ভেঙে দেওয়ার বিপক্ষে অধিকাংশ আইনপ্রণেতা। তারা রাজনৈতিক স্থিতিশীলতা ও নতুন বাজেট পাশের পক্ষে। তিনি বলেন, “সব দিক বিবেচনায় প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হবে।”
এর আগে, ৬ অক্টোবর প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকোর্নো পদত্যাগ করেন। ম্যাক্রোঁর ঘনিষ্ঠ এই নেতা আপাতত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন।
সম্প্রতি বাজেট কাটছাঁট নিয়ে সরকারবিরোধী জনঅসন্তোষ ও বিক্ষোভে দেশজুড়ে অস্থিরতা দেখা দেয়। ঋণ সংকটে পড়া সরকার গত সেপ্টেম্বরে কল্যাণমূলক খাতে ৪ হাজার ৪০০ কোটি ডলার কমানোর সিদ্ধান্ত নেয়, যা নিয়ে জনগণ ও বিরোধী দলগুলোর তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এর জেরে আগের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রো সংসদে আস্থাভোটে হেরে পদত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হন লেকোর্নো। তবে ক্ষমতায় এসেও পরিস্থিতি সামাল দিতে না পেরে মাত্র ২৭ দিনের মাথায় পদ ছাড়েন তিনি।
পদত্যাগের আগের দিন ফান্স ২ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে লেকোর্নো বলেন, “সংকট থেকে উত্তরণের সুযোগ এখনো আছে। আমি প্রেসিডেন্টকে দ্রুত নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পরামর্শ দিয়েছি।”
তার বক্তব্য প্রচারের ২৪ ঘণ্টার মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা আসে এলিসি প্রাসাদ থেকে।
সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :