গাজা অভিমুখী নৌযান থেকে আটক বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ সরকার। তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, আজ (শুক্রবার) বিশেষ বিমানে করে তাকে আঙ্কারায় নেওয়া হতে পারে, যদিও বিষয়টি এখনো শতভাগ নিশ্চিত নয়।
আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতরাতে এই তথ্য জানিয়েছেন। শুক্রবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়।
রাষ্ট্রদূত জানান, ইসরায়েলের হাতে শহিদুল আলমের অবৈধ আটক ঘটনার পরপরই বাংলাদেশ সরকার দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেয়। জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মুক্তির ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাসগুলো স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।
উল্লেখ্য, দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে গাজা অভিমুখে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সদস্য ছিলেন। গাজার নৌ অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে যাত্রা করা এই অভিযানে যুক্ত ছিল আরও একটি উদ্যোগ, ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’, যার আটটি নৌযানসহ মোট নয়টি জাহাজ অংশ নেয়। এতে বিভিন্ন দেশের রাজনীতিক, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।
গত বুধবার ইসরায়েলি বাহিনী এই নৌবহরে আক্রমণ চালিয়ে সবাইকে আটক করে নিয়ে যায়। আটক ব্যক্তিদের মধ্যে আছেন বাংলাদেশের গর্বিত আলোকচিত্রী শহিদুল আলম।
আপনার মতামত লিখুন :