লিবিয়া থেকে অবৈধ অর্থ নেওয়ার দায়ে পাঁচ বছরের সাজা, ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে কারাভোগ

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি কারাগারে


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে আর্থিক দুর্নীতির দায়ে মঙ্গলবার (২১ অক্টোবর) কারাগারে পাঠানো হয়েছে। দেশটির ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট, যিনি অপরাধের দায়ে কারাভোগ করছেন। নির্বাচনী প্রচারণার জন্য লিবিয়া থেকে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগে আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এক সময়ের প্রভাবশালী ও বিশ্বমঞ্চে পরিচিত এই নেতার জন্য এটি এক অপ্রত্যাশিত পতন। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন সারকোজি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি সহযোগী মার্শাল ফিলিপ পেতাঁর পর তিনিই প্রথম সাবেক ফরাসি প্রেসিডেন্ট, যিনি কারাগারে প্রবেশ করলেন।

অভিযোগ অনুযায়ী, নির্বাচনী তহবিলের জন্য লিবিয়ার তৎকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে কয়েক মিলিয়ন ইউরো নিয়েছিল সারকোজির দল। বিদেশি উৎস থেকে অবৈধ অর্থ নেওয়ার দায়ে আদালত চলতি মাসের শুরুতে তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন এবং এক মাসের মধ্যে জেলে যাওয়ার নির্দেশ দেন।

তবে নিকোলাস সারকোজি অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। জেলে যাওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, “আমি নির্দোষ, সত্য একদিন প্রমাণিত হবেই।”

সাবেক এ প্রেসিডেন্টকে প্যারিসের লা সতেঁ কারাগারে একক সেলে রাখা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে তাকে সাধারণ কয়েদিদের থেকে আলাদা রাখা হয়েছে। জানা গেছে, ৯৫ স্কয়ার ফিটের ওই সেলে সারকোজির জন্য আলাদা টয়লেট, গোসলখানা, টেবিল ও ছোট একটি টেলিভিশনের ব্যবস্থা রয়েছে।