ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে চলন্ত বাসে আগুন, নিহত ২৫


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

ভারতের অন্ধ্র প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৫ জনের। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো স্লিপার কোচ বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে আগুনে পুড়ে যায়।

শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় ভোররাত সাড়ে তিনটার দিকে কুর্নল জেলার চিন্নাতেকুরু গ্রামের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাসটিতে তখন অন্তত ৪০ জন আরোহী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পরপরই বাসটির সামনের অংশে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই তা পুরো বাসে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরিত হয়, ফলে আগুন আরও ভয়াবহ রূপ নেয়।

দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। ধোঁয়া ও আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও অনেকেই সময়মতো বাস থেকে বের হতে পারেননি।

স্থানীয় পুলিশ সুপার বিক্রান্ত পাতিল জানান, এখন পর্যন্ত ১৫ জনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধ দেহগুলোর অনেকগুলো এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে এনডিটিভি জানিয়েছে, মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে পড়ার পরই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর বাসচালক পলাতক রয়েছেন।

উল্লেখ্য, এর আগে ১৫ অক্টোবর রাজস্থানে একটি চলন্ত বাসে আগুন ধরে ২০ জনের মৃত্যু হয়। জয়সলমির থেকে যোধপুরগামী ওই এসি বাসে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।