থাইল্যান্ডের রানি মা সিরিকিতের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

থাইল্যান্ডের রানি মা সিরিকিত আর নেই। শুক্রবার রাতে ৯৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার দেশটির রাজপ্রাসাদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

প্রাসাদ সূত্রে জানা গেছে, ২০১৯ সাল থেকে নানা অসুস্থতায় ভুগছিলেন রানি মা। চলতি বছরের ১৭ অক্টোবর তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

রানি মাতার মৃত্যুতে দেশজুড়ে গভীর শোক নেমে এসেছে। রাজপরিবার ও রাজপ্রাসাদের সদস্যদের জন্য এক বছরের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

রানি মা সিরিকিতের মৃত্যুতে প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কর্মসূচি বাতিল করেছেন বলে সরকারি মুখপাত্র নিশ্চিত করেছেন।

২০১২ সালে স্ট্রোকের পর থেকে রানি মা সিরিকিত জনসমক্ষে খুব কমই দেখা দিতেন। তার স্বামী, প্রয়াত রাজা ভূমিবল আদুল্যাদেজ, ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি রাজা—১৯৪৬ সাল থেকে টানা ৭০ বছর রাজত্ব করেন তিনি।

থাই জনগণের কাছে রানি মা সিরিকিত স্মরণীয় থাকবেন তার দাতব্য কার্যক্রম ও মাতৃত্বের প্রতীকে পরিণত মানবিক ব্যক্তিত্ব হিসেবে। দেশজুড়ে তার মৃত্যু গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে পালন করা হচ্ছে।

উল্লেখ্য, থাইল্যান্ডে রাজপরিবার নিয়ে সমালোচনা কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি মৃত রাজপরিবারের সদস্যদের বিরুদ্ধেও অবমাননাকর মন্তব্য করলে কঠোর শাস্তির বিধান রয়েছে।
সূত্র: গার্ডিয়ান, সিএনএন।