চট্টগ্রামের নিমতলা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে যাওয়া একটি প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয়েছেন এক পথচারী। বৃহস্পতিবার বিকেলে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় গাড়িতে থাকা চার যাত্রী আহত হয়েছেন।
পুলিশ জানায়, নিহত শফিক (৫৫) স্থানীয় বাসিন্দা ও বন্দর কর্মী ছিলেন। পতেঙ্গা থেকে শহরের দিকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি এক্সপ্রেসওয়ে থেকে নিচের সড়কে পড়ে যায়। ঠিক ওই সময় সাইকেলে বাড়ি ফিরছিলেন শফিক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত তিন পুরুষ ও এক নারী যাত্রীকে আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অতিরিক্ত গতি ও বাঁকে নিয়ন্ত্রণ হারানোই এ দুর্ঘটনার কারণ।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশনায় এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার এবং বাঁকে ৪০ কিলোমিটার নির্ধারিত। তবে সড়কটি অপেক্ষাকৃত ফাঁকা থাকায় অনেক চালক বেপরোয়া গতিতে গাড়ি চালান। সাম্প্রতিক মাসগুলোতে একই এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে মোটরসাইকেল আরোহীর মৃত্যুও রয়েছে।
আপনার মতামত লিখুন :