চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) এ তথ্য নিশ্চিত করে।
ভূমিকম্পটি বিকেল ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান–জিনজিয়াং সীমান্তের কাছে অবস্থিত আকচি কাউন্টিতে অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কম্পন সীমান্ত পেরিয়ে কিরগিজস্তানের কিছু এলাকাতেও অনুভূত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিকেল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত আকচি কর্তৃপক্ষ কোনও প্রাণহানি বা স্থাপনা ধসের খবর পায়নি। সড়ক, বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ—সবই স্বাভাবিকভাবে সচল রয়েছে।
সিইএনসি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৪১.১৩° উত্তর অক্ষাংশ এবং ৭৮.৪০° পূর্ব দ্রাঘিমাংশে।
আপনার মতামত লিখুন :