রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ভারত সফরে পৌঁছাচ্ছেন। চার বছর পর তার এই সফরকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা বহরও এসেছে, যার কেন্দ্রবিন্দু অতিসুরক্ষিত সাঁজোয়া লিমোজিন— অরাস সেনাট। বিশ্বে সর্বোচ্চ নিরাপত্তাসম্পন্ন রাষ্ট্রনেতাদের ব্যবহৃত গাড়ির তালিকায় এটি অন্যতম।
পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও কৌশলগত ইস্যুতে বৈঠক করবেন এবং রাষ্ট্রীয় নৈশভোজেও যোগ দেবেন।
অরাস সেনাট রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি প্রেসিডেন্সিয়াল লিমোজিন, যা বিশেষভাবে রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা বিবেচনায় নির্মিত। আগে পুতিন মার্সিডিজ-বেঞ্চ পুলম্যান ব্যবহার করলেও আমদানিনির্ভরতা কমাতে ‘কোর্তেজ প্রকল্প’-এর আওতায় রাশিয়া নিজস্ব সাঁজোয়া যান তৈরি শুরু করে। ২০১৮ সালে পুতিনের শপথ অনুষ্ঠানে প্রথমবার প্রকাশ্যে আসে অরাস সেনাট।
২০২১ সালে এর গণউৎপাদন শুরু হয় এবং বিভিন্ন আন্তর্জাতিক কূটনৈতিক মুহূর্তে এটি ব্যবহৃত হয়ে আসছে। ২০২৪ সালে রাশিয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকেও একটি সেনাট উপহার দেয়।
অরাস সেনাট সম্পূর্ণ বুলেটপ্রুফ; ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিরোধে সক্ষম। পানিতে ডুবে গেলেও ভেসে থাকতে পারে এবং টায়ার সম্পূর্ণ নষ্ট হলেও উচ্চগতিতে চলতে সক্ষম। রাসায়নিক হামলা ঠেকাতে কেবিনে রয়েছে বিশেষ বায়ু পরিশোধন ব্যবস্থা।
শক্তিশালী ইঞ্জিন গাড়িটিকে ৬–৯ সেকেন্ডে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সক্ষম করে; সর্বোচ্চ ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার গতিতে চলতে পারে।
বিলাসবহুল চামড়ার আসন, হাতে তৈরি কাঠের কারুকাজ, উন্নত জলবায়ু নিয়ন্ত্রণ ব্যবস্থা ও নিরাপদ এনক্রিপটেড যোগাযোগ— সব মিলিয়ে এটি শুধু একটি গাড়ি নয়, সম্পূর্ণ সুরক্ষিত চলমান কমান্ড সেন্টার।
বাণিজ্যিক সংস্করণের দাম প্রায় ১ কোটি ৮০ লাখ রুবল। তবে পুতিনের বিশেষ সাঁজোয়া সংস্করণের মূল্য দ্বিগুণেরও বেশি এবং বাজারে এর কোনো সংস্করণ বিক্রি করা হয় না।
সূত্র: এনডিটিভি
আপনার মতামত লিখুন :