জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডোতে সোমবার সন্ধ্যায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনের পরপরই দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে উচ্চমাত্রার সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে উপকূলে ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানে। সতর্কবার্তায় বলা হয়েছে—উপকূলজুড়ে ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ তিন মিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, মিসাওয়া শহর থেকে প্রায় ৭৩ কিলোমিটার উত্তর–উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তিস্থল, যা ছিল ৫৩ কিলোমিটার গভীরে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে উপকূলীয় এলাকায় সুনামির ঢেউ আছড়ে পড়া শুরু করেছে। হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারে জারি করা হয়েছে কঠোর সতর্কতা।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে আওমোরি থেকে ইওয়াতের বিভিন্ন বন্দর এলাকায় সুনামির ঢেউ আঘাত হানতে পারে।
সূত্র: এএফপি, এনএইচকে
আপনার মতামত লিখুন :