ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) সঙ্গে উত্তপ্ত বাকবিনিময়ে জড়ানো চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণকে ক্ষমা করে পুনর্বহাল করা হয়েছে।
বুধবার হাসপাতাল কর্তৃপক্ষের জারি করা এক আদেশে জানানো হয়, শোকজ নোটিশের জবাব ও লিখিত ক্ষমা প্রার্থনা পর্যালোচনা করে তাকে পূর্বের দায়িত্বে ফেরানো হয়েছে।
৬ ডিসেম্বর হাসপাতাল পরিদর্শনে গেলে আবাসিক সার্জন (ক্যাজুয়ালটি) ও সহকারী অধ্যাপক ধনদেব বর্মণের আচরণকে ‘অসৌজন্যমূলক’ বলে উল্লেখ করে তাকে শোকজ করা হয় এবং ক্যাজুয়ালটি ওটি ইনচার্জ পদ থেকে সরানো হয়।
পরবর্তীতে তিনি লিখিতভাবে দুঃখ প্রকাশ করেন এবং এমন আচরণ ভবিষ্যতে না করার প্রতিশ্রুতি দেন। স্বাস্থ্য অধিদপ্তর তার জবাবকে সন্তোষজনক বিবেচনা করলে তাকে আগের পদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান নিশ্চিত করেন, বুধবার থেকেই আদেশ কার্যকর হয়েছে এবং ডা. ধনদেব কাজে ফিরেছেন।
আপনার মতামত লিখুন :