কুয়ালালামপুর — অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার (২৬ ডিসেম্বর) দেওয়া এই রায়ে ৭২ বছর বয়সী নাজিবের বিরুদ্ধে আনা সব অভিযোগে দোষ প্রমাণিত হয়।
আদালত জানান, রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ তহবিল ১এমডিবি থেকে নাজিব প্রায় ২ দশমিক ২ বিলিয়ন রিঙ্গিত নিজের ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করেন। বিচারক কলিন লরেন্স সেকুয়েরাহ রায়ে বলেন, অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত—এমন দাবি গ্রহণযোগ্য নয়; উপস্থাপিত প্রমাণ “অকাট্য ও অখণ্ডনীয়” এবং ক্ষমতার সুস্পষ্ট অপব্যবহারকে প্রতিষ্ঠিত করে।
রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, নাজিব প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং ১এমডিবির উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিজের অবস্থান ব্যবহার করে তহবিল তছরুপ করেন। আদালত ক্ষমতার অপব্যবহারের চারটি অভিযোগে প্রতিটিতে ১৫ বছর এবং অর্থ পাচারের ২১টি অভিযোগে প্রতিটিতে পাঁচ বছরের সাজা দেন; তবে সব সাজা একসঙ্গে কার্যকর হবে।
এর আগে ২০২০ সালে দুর্নীতির মামলায় নাজিব ১২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন, যা পরে কমিয়ে ছয় বছর করা হয়। সর্বশেষ রায়টি গুরুত্ব পেয়েছে, কারণ এতে রাষ্ট্রীয় তহবিল আত্মসাতের অভিযোগ সরাসরি বিচারাধীন হয়।
সূত্র: আলজাজিরা
আপনার মতামত লিখুন :