গুয়াহাটি — ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে শনিবার সন্ধ্যায় ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান–মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪২ মিনিট ৪৬ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়।
ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল গুয়াহাটি শহর থেকে প্রায় ৯১ কিলোমিটার উত্তর–উত্তর–পূর্বে এবং ধেকিয়াজুলি শহরের কাছাকাছি এলাকায়। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
ভিন্ন একটি পর্যবেক্ষণ সূত্র জানায়, একই সময়ে আসামের একটি বিস্তৃত এলাকায় কম্পন অনুভূত হয়, যার গভীরতা ছিল প্রায় ৬ দশমিক ২ মাইল। গুয়াহাটি ও আশপাশের এলাকায় কয়েক সেকেন্ডের এই কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নজরে রাখছে স্থানীয় প্রশাসন, প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :