নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৫, ১:০৫ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা তত্ত্বাবধান করছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের মধ্যে চিকিৎসা চলছে এবং দলের ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

শারীরিক অসুস্থতার কারণে গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কেবিন থেকে সিসিইউ এবং সেখান থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

বর্তমানে তাঁর চিকিৎসায় যুক্ত মেডিকেল বোর্ডে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পাশাপাশি পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও রয়েছেন।