খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া শোকবার্তায় তিনি খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন।

মোদি বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়ন ও ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করে মোদি বলেন, তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার ভবিষ্যতেও দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে পথ দেখাবে। বার্তার শেষে তিনি তাঁর আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।