জামিন পেলেন বৈষম্যবিরোধীর সেই নেতা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান জামিন পেয়েছেন। রোববার (সকাল) হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মান্নান তাঁর জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, পুলিশি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাহদী হাসানকে সকালে আদালতে হাজির করা হলে শুনানি শেষে জামিন দেওয়া হয়। এর আগে শনিবার রাতে তাঁর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে ডিবি পুলিশের পরিচয়ে মাহদী হাসানকে আটক করা হয়। পরে এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন, যেখানে মাহদীকে প্রধান আসামি এবং আরও ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মাহদী হাসান বৃন্দাবন সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁর আটকের খবরে হবিগঞ্জ সদর মডেল থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র‍্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একই দাবিতে রাজধানীর শাহবাগেও আন্দোলন হয়।

উল্লেখ্য, গত শুক্রবার শায়েস্তাগঞ্জ থানায় এক ঘটনায় পুলিশের সঙ্গে মাহদী হাসানের বাকবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়।