মাদুরো আটক: এবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের হুঁশিয়ারি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৬, ৪:০০ অপরাহ্ন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানে আটকের একদিন পরই কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প পেত্রোর উদ্দেশে বলেন, কলম্বিয়া থেকে কোকেইন উৎপাদন ও যুক্তরাষ্ট্রে পাচার হচ্ছে দাবি করে তাকে ‘নিজেকে সামলে রাখতে’ বলেন।

এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে আখ্যা দেন। তিনি সতর্ক করে বলেন, এমন পদক্ষেপের ফলে অঞ্চলজুড়ে মানবিক সংকট সৃষ্টি হতে পারে।

ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদক পাচারকারী নৌযানের বিরুদ্ধে মার্কিন সেনা মোতায়েনের পর থেকেই ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে আসছিলেন পেত্রো। সম্প্রতি ট্রাম্প কলম্বিয়ার মাদক উৎপাদনকারী ল্যাবগুলোতে হামলার সম্ভাবনা উড়িয়ে না দেওয়ায় পেত্রো একে আগ্রাসনের হুমকি হিসেবে নিন্দা জানান।

লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রসঙ্গে ট্রাম্প বলেন, পশ্চিম গোলার্ধে মার্কিন প্রভাব নিয়ে আর কোনো প্রশ্ন তোলা যাবে না। তিনি জ্বালানি সম্পদের গুরুত্ব তুলে ধরে বলেন, অঞ্চলটির স্থিতিশীলতা ও জ্বালানি নিরাপত্তা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন, কিউবা হতে পারে ট্রাম্প প্রশাসনের পরবর্তী লক্ষ্য। মেক্সিকো নিয়েও কড়া বক্তব্য দেন ট্রাম্প। তিনি বলেন, দেশটি কার্যত মাদক কার্টেল দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, যদিও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে ব্যক্তিগতভাবে তিনি ‘ভালো মানুষ’ হিসেবে উল্লেখ করেন।