ভারতসহ তিন দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপে সম্মতি ট্রাম্পের


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৬, ৫:০১ অপরাহ্ন

রাশিয়া থেকে জ্বালানি তেল ও ইউরেনিয়াম কেনার অভিযোগে ভারত, চীন ও ব্রাজিলের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

‘গ্রাহাম-ব্লুমেন্থাল নিষেধাজ্ঞা বিল’ নামের প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে, যে দেশগুলো জেনেশুনে রাশিয়ার তেল, গ্যাস বা ইউরেনিয়াম কিনে দেশটির যুদ্ধ সক্ষমতা বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর দ্বিতীয় মাত্রার নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বিলটি পাস হলে এসব দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের বাজারে অন্তত ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট।

বর্তমানে ভারত ও ব্রাজিলের ওপর ৫০ শতাংশ এবং চীনের ওপর ৩০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর রয়েছে। নতুন বিল কার্যকর হলে এই শুল্ক বহুগুণ বেড়ে যাবে।

সিনেটর গ্রাহাম জানান, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিলটি নিয়ে আলোচনা হয়েছে এবং ট্রাম্প এতে সমর্থন দিয়েছেন। তিনি বলেন, ইউক্রেন শান্তির জন্য ছাড় দিচ্ছে, অথচ রাশিয়া হামলা চালিয়ে যাচ্ছে—এই বাস্তবতায় বিলটি সময়োপযোগী।

আগামী সপ্তাহেই বিলটির ওপর মার্কিন কংগ্রেসে ভোটাভুটি শুরু হতে পারে বলে জানিয়েছেন গ্রাহাম। নিয়ম অনুযায়ী, প্রথমে প্রতিনিধি পরিষদে এবং পরে সিনেটে পাস হলে প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত হবে।