আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই, নিজের নীতিতেই চলবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগকে সরাসরি নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক আইনের প্রয়োজন তার নেই, নিজের নীতিই যুক্তরাষ্ট্র পরিচালনার জন্য যথেষ্ট।

কারাকাসে বিস্ফোরণ, সামরিক ঘাঁটিতে হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনায় জাতিসংঘ সনদ লঙ্ঘনের অভিযোগ উঠলেও ট্রাম্প এসব সমালোচনা প্রত্যাখ্যান করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ‘পরিচালনা’ করবে এবং দেশটির তেল সম্পদ ব্যবহার করবে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য ট্রাম্পের যুদ্ধংদেহী পররাষ্ট্রনীতিরই প্রতিফলন। যদিও তার প্রশাসন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথা বলছে, তবে নীতিগত নির্দেশনা মানা না হলে আরও সামরিক পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে।

এদিকে আন্তর্জাতিক আইন ও সম্পর্ক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক আইনের প্রতি এমন অবজ্ঞা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।