পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী তুরস্ক


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এ উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে শক্তির ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা ব্লুমবার্গ।

ব্লুমবার্গের প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, এ বিষয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে এবং ত্রিপক্ষীয় এই নিরাপত্তা জোট গঠনের সম্ভাবনা অত্যন্ত বেশি। গত বছরের সেপ্টেম্বরে রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। ওই চুক্তি অনুযায়ী, কোনো এক দেশের ওপর হামলাকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের স্বার্থ ক্রমেই অভিন্ন হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরতা এবং ন্যাটোতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে অনিশ্চয়তাও তুরস্ককে বিকল্প নিরাপত্তা জোটে আগ্রহী করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবের অর্থনৈতিক শক্তি, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ও জনবল এবং তুরস্কের সামরিক অভিজ্ঞতা ও প্রতিরক্ষা শিল্প—এই তিনের সমন্বয়ে একটি শক্তিশালী আঞ্চলিক নিরাপত্তা বলয় গড়ে উঠতে পারে।