কাতারের ঘাঁটি থেকে হঠাৎ সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল-উদেইদ থেকে সেনা সদস্যদের নিরাপদ স্থানে সরে যেতে পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। বুধবার সন্ধ্যায় ঘাঁটি ছাড়ার বিষয়ে মার্কিন সেনাদের সতর্ক করা হয়েছে বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে কাতারের মার্কিন দূতাবাস এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। রয়টার্সকে এক কূটনীতিক জানান, এটি পুরোপুরি সরে যাওয়ার নির্দেশ নয়, বরং সেনা পুনর্বিন্যাসের অংশ। তবে এই সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি অবগত নন।

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এই মার্কিন ঘাঁটিতে প্রায় ১০ হাজার সেনা অবস্থান করছেন বলে জানা যায়। এর আগে গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে আল-উদেইদ ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।

বর্তমানে ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে উত্তেজনা বাড়ছে। ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলার হুমকিও দিয়েছে তেহরান।

এমন টানটান উত্তেজনার প্রেক্ষাপটেই আল-উদেইদ ঘাঁটি থেকে মার্কিন সেনা পুনর্বিন্যাসের খবরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।