স্ত্রী ও নবজাতক সন্তানের মৃত্যুর তিন দিন পর মানবিক বিবেচনায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। সোমবার (২৬ জানুয়ারি) আদালতের আদেশে তিনি জামিনে মুক্তি পান।
গত শুক্রবার বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ঘরে পাওয়া যায় তাদের ৯ মাস বয়সী সন্তান নাজিমের নিথর দেহ। ঘটনাটি দেশজুড়ে গভীর শোক ও আলোচনার জন্ম দেয়।
পরদিন শনিবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সাদ্দামকে কয়েক মিনিটের জন্য স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়। পরিবারের ছয় সদস্যকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সসহ কারাফটকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল বলে জানায় কর্তৃপক্ষ।
এদিকে, প্যারোলে মুক্তি না দেওয়াকে কেন্দ্র করে সমালোচনা ওঠার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সাদ্দামের পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসন বা কারা কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির কোনো লিখিত আবেদন করা হয়নি। পরিবারের মৌখিক অনুরোধের ভিত্তিতেই মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়। মানবিক বিবেচনায় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়ার পর থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন সাদ্দাম। সাম্প্রতিক এই জামিনের মধ্য দিয়ে ব্যক্তিগত ট্র্যাজেডি ও আইনি প্রক্রিয়ার জটিলতায় জড়িয়ে থাকা একটি অধ্যায় নতুন মোড় নিল।
আপনার মতামত লিখুন :