লিবিয়ায় গাদ্দাফির পুত্র সাইফ আল-ইসলাম নিহত


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আল-জাজিরার প্রতিনিধি আহমেদ খলিফা এ তথ্য নিশ্চিত করেন। তবে হত্যাকাণ্ডের পেছনের কারণ ও দায়ীদের পরিচয় এখনো স্পষ্ট নয়।

৫৩ বছর বয়সী সাইফ আল-ইসলাম গত এক দশক ধরে জিনতানেই অবস্থান করছিলেন। তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান মৃত্যুর খবর নিশ্চিত করলেও লিবীয় কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

সরকারি কোনো পদে না থাকলেও ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত সাইফ আল-ইসলামকে গাদ্দাফি শাসনের দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি হিসেবে দেখা হতো। পশ্চিমা শিক্ষায় শিক্ষিত এই নেতা নিজেকে শাসনের ‘সংস্কারপন্থী মুখ’ হিসেবে তুলে ধরেছিলেন এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে লিবিয়ার সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

২০১১ সালের গণঅভ্যুত্থানের সময় তিনি বাবার পক্ষে দৃঢ় অবস্থান নেন। ওই বছরই আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে লিবিয়ার আদালত অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। ২০১৭ সালে সাধারণ ক্ষমায় মুক্তি পেলেও তিনি আত্মগোপনে ছিলেন।

সাইফ আল-ইসলামের মৃত্যুর মধ্য দিয়ে গাদ্দাফি পরিবারের রাজনৈতিক অধ্যায়ের আরেকটি বিতর্কিত অধ্যায় রক্তক্ষয়ী পরিসমাপ্তি পেল।