নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলার আবেদন মির্জা আব্বাসের


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ১২:০২ অপরাহ্ন

ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে এ আবেদন দাখিল করা হয়। মির্জা আব্বাসের পক্ষে মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।

মির্জা আব্বাসের আইনজীবী মো. আমিরুল ইসলাম জানান, আদালতে মামলার আবেদন জমা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিলেন। ওই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে মির্জা আব্বাস বিজয়ী হন।

নির্বাচনের ফল ঘোষণার পর নাসীরুদ্দীন পাটওয়ারী ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলেছিলেন। সাম্প্রতিক বক্তব্য ও অভিযোগকে কেন্দ্র করেই মানহানির এই মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।