কয়েকজন মার্কিন সেনাকে আটক করার দাবি ইরানের


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ১২:২২ অপরাহ্ন

চলমান সংঘাতের প্রেক্ষাপটে কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

লারিজানি বলেন, প্রায় এক সপ্তাহ আগে সংঘাত শুরু হওয়ার পর বিভিন্ন অভিযানে যুক্তরাষ্ট্রের কয়েকজন সেনা ইরানের নিয়ন্ত্রণে এসেছে। তবে ঠিক কতজন সেনাকে আটক করা হয়েছে, তারা কোথায় বা কী পরিস্থিতিতে আটক হয়েছেন—এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এদিকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সরাসরি স্থল অভিযান চালানোর বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে ইরানের এই দাবির বিষয়ে এখনো আন্তর্জাতিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন দাবি ও পাল্টা বক্তব্য সামনে আসছে। বিশ্লেষকদের মতে, সংঘাতের বাস্তব পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া এখনো কঠিন হয়ে উঠেছে।