তেহরান — ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন—এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তিনি নিরাপদ আছেন বলে জানিয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পরিবার।
প্রেসিডেন্টের ছেলে ইউসুফ পেজেশকিয়ান টেলিগ্রামে এক বার্তায় বলেন, সর্বোচ্চ নেতার আহত হওয়ার খবর শোনার পর তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। তাদের কাছ থেকে জানা গেছে, “আল্লাহর রহমতে তিনি নিরাপদ আছেন এবং কোনো সমস্যা নেই।”
গত রোববার মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। তিনি প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে এবং দীর্ঘদিন ধরেই সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় ছিলেন।
তবে নতুন দায়িত্ব নেওয়ার পর থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি মোজতবা খামেনি; জনসমক্ষেও তাকে দেখা যায়নি।
বিশ্লেষকদের মতে, তিনি দীর্ঘদিন ধরে নেপথ্যে থেকেই রাজনৈতিক প্রভাব বিস্তার করে আসছিলেন এবং প্রকাশ্য রাজনীতিতে তুলনামূলকভাবে কম দৃশ্যমান ছিলেন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোজতবা খামেনির সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন।
সূত্র: বিবিসি।
আপনার মতামত লিখুন :