ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। একই অধিবেশনে ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন।
সংসদ অধিবেশনে সভাপতিত্বকারী সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে একটি মাত্র মনোনয়ন জমা পড়েছিল। প্রস্তাবটি সংসদে উত্থাপন করা হলে কণ্ঠভোটে তা অনুমোদিত হয় এবং হাফিজ উদ্দিন আহমদ স্পিকার হিসেবে নির্বাচিত হন।
একইভাবে ডেপুটি স্পিকার পদেও একটি মাত্র মনোনয়ন পাওয়া যায়। প্রস্তাবটি সংসদে উত্থাপনের পর কণ্ঠভোটে অনুমোদন পেয়ে কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
এর আগে অধিবেশনের শুরুতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনকে অধিবেশনের সভাপতি হিসেবে ঘোষণা করেন।
সভাপতির নাম ঘোষণার পর সরকারি দলের পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলের পক্ষ থেকে বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সমর্থন জানান।
সংসদের কার্যপ্রণালী অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।
আপনার মতামত লিখুন :