টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রেললাইনে বসে থাকা অবস্থায় ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা একই পরিবারের সদস্য।
রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুই নারী, দুই পুরুষ ও এক শিশুর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মাঝপথে জ্বালানি ফুরিয়ে গেলে কয়েকজন যাত্রী নেমে কাছাকাছি রেললাইনের পাশে অবস্থান নেন। এরই মধ্যে দ্রুতগতির একটি ট্রেন এসে পড়লে তারা সরতে পারেননি।
টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত এবং তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :