ইরানি হামলায় ইসরায়েলের শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

ইরানের দিক থেকে চালানো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার জেরে ইসরায়েল-এর মধ্যাঞ্চলের একটি বড় শিল্প এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার ‘নিওত হোভাব’ শিল্প কমপ্লেক্সে কোনো অস্ত্রের ধ্বংসাবশেষ বা প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের আঘাতে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

‘নিওত হোভাব’ শিল্পাঞ্চলটি ৩০টিরও বেশি কারখানার সমন্বয়ে গঠিত। ঘটনার পর সেখান থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশ ঢেকে দিতে দেখা যায়। একই সময়ে ইরান থেকে সম্ভাব্য হামলার সতর্কতায় দেশজুড়ে সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সম্ভাব্য বড় ধরনের বিস্ফোরণ ও রাসায়নিক লিকেজ ঠেকাতে তারা কাজ করছে। শিল্পাঞ্চলটিতে বিপজ্জনক ও দাহ্য পদার্থ থাকায় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এ অবস্থায় সাধারণ মানুষকে ঘটনাস্থলের আশপাশে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। পাশাপাশি আশপাশের বাসিন্দাদের ঘরের জানালা ও ভেন্টিলেটর বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান করতে এবং নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

তবে দেশটির জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।