আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকটের তীব্র প্রভাব মোকাবিলায় পাকিস্তান সরকার রাজধানী ইসলামাবাদের সব গণপরিবহনের ভাড়া আগামী ৩০ দিনের জন্য শূন্য ঘোষণা করেছে।
এই সিদ্ধান্ত যুদ্ধবিধ্বস্ত ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাবে দেশটিতে জ্বালানির দাম কয়েক ঘণ্টার মধ্যে দ্বিগুণ বেড়ে যাওয়ার পর আসে।
আজ শুক্রবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছেন, “প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায়, আগামী ৩০ দিনের জন্য ইসলামাবাদের সব গণপরিবহনের ভাড়া ফ্রি থাকবে। এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে। এই সিদ্ধান্ত শনিবার থেকে কার্যকর হবে।”
এর আগে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক নতুন জ্বালানি দাম ঘোষণা করেন। তাদের তথ্য অনুযায়ী, পেট্রোলের দাম বেড়েছে প্রায় ৪৩ শতাংশ এবং ডিজেলের দাম বেড়েছে প্রায় ৫৫ শতাংশ। নতুন দাম অনুসারে, প্রতিলিটার পেট্রোলের দাম নির্ধারিত হয়েছে ৪৫৮.৪০ রুপি (প্রায় ১.৬৪ ডলার) এবং ডিজেলের দাম ৫২০.৩৫ রুপি (প্রায় ১.৮৬ ডলার)।
মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে আগের দামের সীমায় রাখতে, কিন্তু যেহেতু যুদ্ধের কোনো সমাধান দেখা যাচ্ছে না, তাই দাম বাড়ানো বাধ্যতামূলক ছিল।”
এই পদক্ষেপ সাধারণ মানুষের ওপর জ্বালানির প্রভাব কমানোর জন্য নেওয়া হলেও, দেশটিতে জ্বালানি সংকটের কারণে নাগরিকদের উদ্বেগ এখনও কমেনি।
সূত্র: আলজাজিরা, রেডিও পাকিস্তান
আপনার মতামত লিখুন :