ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ৪০ দিন পূর্তিতে দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক আবেগঘন বার্তা দিয়েছেন, যেখানে তিনি যুদ্ধবিরতি বজায় রাখার পাশাপাশি জাতীয় স্বার্থে আপসহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।
শুক্রবার (১০ এপ্রিল) রাষ্ট্রীয় মাধ্যমে প্রচারিত ওই বার্তায় মোজতবা খামেনি বলেন, ইরান কোনো সংঘাত চায় না, তবে সার্বভৌম অধিকার রক্ষার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। “আমরা যুদ্ধ চাইনি, এখনও চাই না। কিন্তু আমাদের বৈধ অধিকার রক্ষায় আমরা আপস করব না,”—লিখিত বার্তায় উল্লেখ করেন তিনি।
পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সূচনালগ্নে আয়াতুল্লাহ খামেনি নিহত হন। সেই ঘটনার প্রেক্ষাপটে ৪০তম দিনে এই বার্তা প্রকাশ করা হয়, যা দেশের রাজনৈতিক ও সামরিক অবস্থানের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
মোজতবা খামেনি তার বক্তব্যে আঞ্চলিক মিত্রদের নিয়ে গঠিত তথাকথিত ‘প্রতিরোধ জোট’-এর প্রসঙ্গ তুলে ধরেন এবং লেবাননে চলমান সংঘাতের প্রতিও ইঙ্গিত দেন। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে।
একই সঙ্গে জনগণকে রাজনৈতিকভাবে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, চলমান কূটনৈতিক আলোচনায় জনমতের ভূমিকা গুরুত্বপূর্ণ। তার ভাষায়, “জনগণের উপস্থিতি ও কণ্ঠস্বরই আলোচনার ফলাফলে প্রভাব ফেলবে।”
উপসাগরীয় দেশগুলোর উদ্দেশে দেওয়া বার্তায় তিনি পশ্চিমা শক্তির ওপর নির্ভরতার বিষয়ে সতর্ক করেন এবং আঞ্চলিক রাষ্ট্রগুলোকে ‘ভ্রান্ত প্রতিশ্রুতি’ থেকে দূরে থাকার আহ্বান জানান।
বিশ্লেষকদের মতে, এই বার্তা একদিকে অভ্যন্তরীণ সমর্থন জোরদার করার প্রচেষ্টা, অন্যদিকে চলমান আন্তর্জাতিক আলোচনায় ইরানের কঠোর অবস্থান তুলে ধরার কৌশল হিসেবেই বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :