পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
তিনি বলেছেন, এই কৌশলগত নৌপথে শত্রুপক্ষের যেকোনো অপব্যবহার রুখে দিতে তেহরান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং নতুন নিয়ম-কানুন প্রবর্তন করবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পারস্য উপসাগরীয় দিবস উপলক্ষে দেওয়া এক লিখিত বার্তায় তিনি এ মন্তব্য করেন।
মোজতবা খামেনি পারস্য উপসাগরকে আঞ্চলিক মুসলিম দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, এটি শুধু ভৌগোলিক নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতিরও গুরুত্বপূর্ণ অংশ। হরমুজ প্রণালিকে তিনি বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে অভিহিত করেন।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চল বিদেশি শক্তির আগ্রাসন ও হস্তক্ষেপের শিকার। সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি তৎপরতাকে উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তাকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে।
ইরানের সর্বোচ্চ নেতা স্পষ্ট করে বলেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইরান সক্রিয় ভূমিকা পালন করবে। তিনি দাবি করেন, নতুন বিধিবিধান প্রবর্তনের মাধ্যমে এই জলপথে স্থিতিশীলতা আনা সম্ভব হবে এবং তা আঞ্চলিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
ইরানের সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সাম্প্রতিক সংঘাতে দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনী দৃঢ়তা ও সক্ষমতার পরিচয় দিয়েছে। তার মতে, এই অভিজ্ঞতা প্রমাণ করেছে যে, বিদেশি সামরিক উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি।
তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলো দুর্বলতা প্রকাশ করেছে, যা তাদের ওপর নির্ভরশীলতার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে তার প্রভাব আরও গভীর হতে পারে।
আপনার মতামত লিখুন :