তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৩:০৪ অপরাহ্ন

ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের কাছ থেকে শপথ নেন তিনি। একই সঙ্গে তার মন্ত্রিসভার আরও নয় সদস্যও শপথ গ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

গত সোমবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়। ২৩৪ সদস্যের বিধানসভায় থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাঝাগম (টিভিকে) এককভাবে সর্বোচ্চ ১০৮টি আসনে জয় পায়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় কয়েকটি আঞ্চলিক ও জাতীয় দলের সমর্থন নিয়ে জোট সরকার গঠন করেন তিনি।

রাজনৈতিক সূত্রে জানা গেছে, কংগ্রেসসহ কয়েকটি দলের সমর্থন পাওয়ার পর জোটের মোট আসন সংখ্যা ১২০-এ পৌঁছে। এরপর শনিবার সন্ধ্যায় থালাপতি বিজয় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান।

রাজভবন সূত্রে জানা যায়, সমর্থন দেওয়া দলগুলোর আনুষ্ঠানিক চিঠি যাচাই-বাছাই শেষে রাজ্যপাল নিশ্চিত হন যে বিজয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। এরপর নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলচ্চিত্র জগতের জনপ্রিয়তা কাজে লাগিয়ে স্বল্প সময়ের মধ্যেই তামিল রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছেন থালাপতি বিজয়। এবারের নির্বাচনে তার দলের সাফল্য তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলেও মনে করছেন তারা।