ঈদ সামনে রেখে দৌলতদিয়া ঘাটে বাড়ছে পশুবাহী ট্রাকের চাপ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ২২, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজধানীমুখী পশুবাহী যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া ঘাটে এ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু নিয়ে আসা ট্রাকগুলো এখন নিয়মিতভাবে পদ্মা নদী পাড়ি দিচ্ছে এ ঘাট দিয়ে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া ঘাট দিয়ে মোট ৪২৩টি পশুবাহী ট্রাক পারাপার হয়েছে। একই সময়ে দুই হাজারের বেশি যানবাহন নদী পার হয়েছে।

ঘাট কর্তৃপক্ষের দাবি, ঈদকে সামনে রেখে যানবাহন পারাপার নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পশুবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার দিয়ে ফেরিতে তোলা হচ্ছে, যাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয়। বর্তমানে পর্যাপ্ত ফেরি চলাচল করায় ঘাট এলাকায় বড় ধরনের যানজট তৈরি হয়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ঈদের দিন যত ঘনিয়ে আসবে, রাজধানীমুখী পশুবাহী ট্রাকের চাপ আরও বাড়বে। পাশাপাশি ঘরমুখো যাত্রী ও অন্যান্য যানবাহনের চাপও বাড়তে পারে। সে বিষয়টি মাথায় রেখে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পশুবাহী যানবাহনের চলাচলে যেন কোনো ধরনের হয়রানি না হয়, সে বিষয়ে মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কোথাও অনিয়ম বা বাধার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ।

ব্যবসায়ী ও চালকদের মতে, নির্বিঘ্ন পারাপার নিশ্চিত হওয়ায় এবার পশু পরিবহনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ঈদের শেষ সময়ের বাড়তি চাপ সামাল দিতে ফেরির সংখ্যা ও ব্যবস্থাপনা আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।