রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
রোববার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন আলোচনার মধ্যস্থতাকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি পূর্বে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে।
এর আগে শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে নিহত নবজাতকদের পরিবারগুলোর পাশে দীর্ঘমেয়াদে থাকার অঙ্গীকার ব্যক্ত করে। সেই ঘোষণার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসা, শিক্ষাসহায়তা এবং চাকরির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।
ঘোষণা অনুযায়ী, মৃত নবজাতকদের পরিবারের বাবা-মা, ভাই-বোন এবং ভবিষ্যৎ সন্তানরা আদ্-দ্বীন হাসপাতাল ও এর অধীনস্থ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো থেকে ওষুধ ব্যতীত সব ধরনের চিকিৎসা সেবা বিনামূল্যে পাবেন।
এছাড়া আদ্-দ্বীন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগ্যতার ভিত্তিতে বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। উচ্চ ব্যয়সম্পন্ন শিক্ষা, বিশেষ করে মেডিকেল শিক্ষার ক্ষেত্রে বৃত্তি বা টিউশন ফি মওকুফের ব্যবস্থাও রাখা হয়েছে।
পরিবারের যোগ্য সদস্যদের আদ্-দ্বীনের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ দেওয়ার কথাও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :