চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে।
বৈঠকে প্রধানমন্ত্রী বন্যা মোকাবিলা, পরিবেশ সুরক্ষা ও পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনায় বাংলাদেশের চলমান উদ্যোগ তুলে ধরে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহযোগিতা কামনা করেন। জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
এ সময় নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থার উন্নয়ন, নৌ-নেভিগেশন সম্প্রসারণ এবং নদী খনন কার্যক্রমে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। চীনের পক্ষ থেকে বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য চীনে আমন্ত্রণ জানানো হয়।
উভয় পক্ষ ২০০৫ সালের সমঝোতা স্মারক (এমওইউ) এবং বিদ্যমান গবেষণাভিত্তিক সহযোগিতাকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে।
আপনার মতামত লিখুন :