রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশদূষণকারী বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সঙ্গে ঢাকার অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে দ্রুততম সময়ের মধ্যে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুরও নির্দেশনা দিয়েছেন তিনি।
শনিবার (১৮ জুলাই ২০২৬) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে রাজধানীর বায়ু ও শব্দদূষণ কমাতে তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদি করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে ইটভাটাজনিত বায়ুদূষণ রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তির মাধ্যমে ইট উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
রাজধানীতে অতিরিক্ত হর্ন ব্যবহারের কারণে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণেও আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :