রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলার মধ্যেই বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্পিকার জানান, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তিনি বলেন, ব্যক্তিগত চিকিৎসা শেষে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন।
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে প্রশ্ন করা হলে স্পিকার বলেন, “আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করলো, কী করলো, আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পারবো।”
স্পিকার গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা থাকলেও সফর সংক্ষিপ্ত করে শুক্রবারই দেশে ফেরেন।
রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও এ বিষয়ে এখন পর্যন্ত সরকার বা বঙ্গভবনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
আপনার মতামত লিখুন :