সৌদি আরবের সামরিক অভিযানের জবাবে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জিজান ও ইয়ানবু অঞ্চলের স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার (২৫ জুলাই) হামলার পর জিজানের একটি স্থাপনা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে আরামকোর একটি স্থাপনা থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। বার্তা সংস্থা এএফপি ছবিটির সত্যতা যাচাই করেছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
এর আগে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে জিজান ও ইয়ানবুর বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।
প্রায় দুই সপ্তাহ আগে ইরান থেকে আসা একটি বিমান ইয়েমেনের রাজধানী সানায় অবতরণে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। এরপর থেকে উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে। শনিবার ইয়েমেনে সৌদি ক্ষেপণাস্ত্র হামলার পর আরামকোর অবকাঠামো লক্ষ্য করে হুথিদের সর্বশেষ হামলার দাবি সামনে আসে।
সূত্র: এএফপি
আপনার মতামত লিখুন :