জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর দেশটির একাধিক উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ২৭ মিনিটে) কুমামোতো জেলায় এ ভূমিকম্প অনুভূত হয়।

জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রের তলদেশে, প্রায় ১০ কিলোমিটার গভীরে। অগভীর গভীরতায় উৎপন্ন হওয়ায় এর কম্পন বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়।

ভূমিকম্পের পর জেএমএ সতর্ক করে জানিয়েছে, এর প্রভাবে সর্বোচ্চ প্রায় ৩ দশমিক ২৮ ফুট উচ্চতার সুনামি ঢেউ সৃষ্টি হতে পারে। পরিস্থিতি বিবেচনায় কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি জেলায় সুনামি ও ভূমিকম্প সতর্কতা জারি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এর আগে গত ২৫ জুন জাপানে ৭ দশমিক ২ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। তবে সেই ঘটনাতেও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। বিশ্বে সংঘটিত মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশই দেশটিতে ঘটে।