প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় নয়াদিল্লি: দীনেশ ত্রিবেদী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৮:২৪ অপরাহ্ন

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য নয়াদিল্লি অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি আশা প্রকাশ করেন, অদূর ভবিষ্যতেই এ সফর অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে দীনেশ ত্রিবেদী বলেন, এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিষয়। তবে ভারতের পক্ষ থেকে তার সফরকে স্বাগত জানাতে প্রস্তুতি রয়েছে।

তিনি বলেন, “আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা আশাবাদী, খুব শিগগিরই এ সফর বাস্তবায়িত হবে।”

উল্লেখ্য, গত ১২ জুন নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে দীনেশ ত্রিবেদী বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর তিনি ঢাকায় ভারতীয় হাইকমিশনের দায়িত্ব গ্রহণ করেন।