রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ)৬ ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

এর আগে ১৩ আগস্ট নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যের পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর পদত্যাগের পর মহাসচিবের পদটি শূন্য হয়।

রুহুল কবির রিজভী এর আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিএনপি সরকার গঠনের পর ১৭ ফেব্রুয়ারি তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে রিজভীর। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করেন। পরে ১৫ আগস্ট তাকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করা হয়।

ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে

রুহুল কবির রিজভীর রাজনৈতিক পথচলা শুরু হয় ছাত্ররাজনীতির মধ্য দিয়ে। উচ্চমাধ্যমিক শেষ করার পর তিনি বামপন্থি বিপ্লবী ছাত্র ইউনিয়নে যুক্ত হন। রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার পর সংগঠনটিতে যোগ দেন রিজভী। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক এবং পরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। একসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন।

১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন রিজভী। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। দীর্ঘদিন ওই পদে থেকে দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

শিক্ষাজীবন

রুহুল কবির রিজভীর পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এবং ইতিহাস বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি আইন বিষয়ে স্নাতক ডিগ্রিও লাভ করেন।

বিএনপির মহাসচিবের পদ শূন্য হওয়ার পর রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে দলটির সাংগঠনিক নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো।